মাগুরায় ৫-১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ১২ হাজার ৩৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সিভিল সার্জনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান। ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে শিশুদের ছয় মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দেয়ার পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিসমৃদ্ধ সুষম খাবার খাওয়ানোর বিষয়ে প্রচারণা চালানো হবে বলে জানানো হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম রুবেল, ডাক্তার আমিনুল ইসলাম সুমন, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।