সিরাজগঞ্জের চলনবিলে ইঞ্জিনচালিত নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৪ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের পাশে চলনবিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মন্ডল (৫০), একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)।

শনিবার (৩০ আগস্ট) উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক জানান, গতকাল বিকালে চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামের একটি নৌকাবাইচ প্রতিযোগিতার দল মহড়া শেষে বাড়ি ফিরছিল। তারা দহকুলা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে বাইচের নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়।

জানা গেছে, বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।