বাগেরহাটের চিতলমারীতে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় শ্বাসরোধে অনিতা রায় (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে রোগীসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, এ ভবনের নিচতলায় মার্কেট, দুই তলায় কয়েকটি কার্যালয়। তিনতলায় একটি বেসরকারি ক্লিনিক, চারতলা ও পাঁচতলাতে মানুষ বাস করে।

ফায়ার সার্ভিসের খুলনা কার্যালয়ের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, ‘‌খবর পেয়ে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জের আটটি ইউনিট নিয়ে সেখানে পৌঁছাই। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

ভবনের নিচতলার একটি পোশাকের দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রায়হান জানান, ভবনের ক্লিনিকে ভর্তি রোগী ও ভবনের বাসিন্দাসহ কিছু মানুষ আটকে পড়ে। সেনা সদস্যরা ভবনে ঢুকে তাদের নামিয়ে আনে। সব মিলিয়ে অন্তত ৮০ জনকে আমরা নিরাপদে সরিয়ে এনেছি। এর মধ্যে যারা রোগী তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।