ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। এবার ইতিহাসের অন্যতম একটি “‍বেস্ট ইলেকশন” হবে।’ গতকাল বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শফিকুল আলম বলেন, ‘অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। গত ১৬ বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেক ইলেকশন। এবার আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। নির্বাচন নিয়ে সারা দেশে এখন ইতিবাচক আমেজ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘জামালপুর ও হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় এরই মধ্যে নেতাকর্মীদের ব্যানার-পোস্টার দেখা যাচ্ছে। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে, তখন নির্বাচনী পরিবেশ আরো জমজমাট হয়ে উঠবে।’

জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে।’