রোহিঙ্গা সংকট বাংলাদেশসহ আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি ও পররাষ্ট্রনৈতিক চ্যালেঞ্জ হিসেবে প্রকট হয়ে উঠেছে। এ সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের জন্য একটি সমন্বিত জাতীয় রোহিঙ্গা কৌশল প্রণয়ন, স্থায়ী আন্তঃমন্ত্রণালয় ইউনিট গঠন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় জোরদার ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন বিশিষ্টজনেরা।
গতকাল সোমবার (১৭ সোমবার) রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) ও কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা (সিআরআরআইসি ) যৌথভাবে ‘চার্টিং পিস, সিকিউরিং বর্ডারস: বাংলাদেশ পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ ইন রোহিঙ্গা ক্রাইসিস’ শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে। এতে বক্তারা এসব বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)-এর চেয়ারম্যান মেজর জেনারেল ফজলে এলাহি আকবর (অব) ও প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা , ত্রান এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় ধারণাপত্র উপস্থাপন করেন কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা (সিআরআরআইসি )-এর নির্বাহী পরিচালক ড. কাউসার আহমেদ। সমাপনী বক্তব্য দেন এফএসডিএস-এর সেক্রেটারি জেনারেল ও কুয়ালালামপুর ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট ড. ইশারফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএসডিএস এর প্রিন্সিপ্যাল রিসার্চ ফেলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাফাৎ আহমেদ।
বিশিষ্ট আলোচক ছিলেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আমেনা মোহসিন, ওসমানী সেন্টারের ভাইস চেয়ারম্যান মে. জে. (অব.) ড. নাইম আশফাক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলি আশরাফ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন রোহিঙ্গা প্রতিনিধিরা, বিএনপি ইন্টারন্যাশনাল সেলের জেবা আমিনা খান, সাবেক আইজিপি আশরাফুল হুদা, সাবেক সামরিক কর্মকর্তা লে. জে. (অব.) মো. আমিনুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরি ইসলাম , সাবেক রাষ্ট্রদূত মে. জে. (অব.) মো. শহিদুল হক , বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা প্রমুখ ।









