ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বিন্নাহুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বোয়ালমারী ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মো. ইমরান শেখ এবং জিয়ার শেখের ছেলে নাঈম শেখ।
বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৫টার দিকে ইমরান ও নাঈম কাজের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে হাটখোলার চর থেকে পাশের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বিন্নাহুরি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় পিকআপের ড্রাইভারের পাশে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা হক টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত দুই জনের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অপর জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










