ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিনপুর ও আজবপুর বাজার এলাকাসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন বেগম।