জয়পুরহাটে স্কুলছাত্র আবু হোসাইন হত্যা মামলার ১৪ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আবু হোসাইন পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলেন ওই গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম (৪৯), ছেলে রাফিউল (৩২), কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন (৪৯), রুস্তম আলী ওরফে টুরার স্ত্রী সাহিদা বেগম (৪৮) এবং তার ছেলে গোলাম রব্বানী (৩৪)। তাদের মধ্যে আমিনা বেগম পলাতক রয়েছেন। বাকি চার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।









