দেশীয় তামাক শিল্প ও প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় চার দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন তামাক চাষী, ব্যবসায়ী ও বিড়ি শ্রমিকরা। গতকাল বেলা ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন তারা।

দাবিগুলো হলো দেশীয় তামাক চাষী ও শিল্পের সুরক্ষা প্রদান, তামাকের ন্যায্যমূল্য ব্যতিরেকে বিদেশী বহুজাতিক সিগারেট কোম্পানির কাছে তামাক বিক্রি বন্ধ, তামাক চাষীদের স্বার্থে বিড়ির শুল্ক ১৮ থেকে কমিয়ে ১৬ টাকা এবং তামাক চাষীদের ওপর থেকে বহুজাতিক কোম্পানির আগ্রাসন বন্ধ করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমনিরহাট তামাক চাষী, ব্যবসায়ী ও বিড়ি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক জামিল আক্তার। মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সদস্য আমিন উদ্দিন বিএসসি, সহসভাপতি নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য লুৎফর রহমান, শ্রমিক নেতা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৃহত্তর রংপুর অঞ্চলের মাটি এবং আবহাওয়া তামাক চাষের উপযোগী। ফলে তামাক চাষ করে আমাদের সংসার চালাতে হয়। এ তামাক ব্যবহৃত হয় বিড়ি শিল্পে। বৃহত্তর রংপুরের প্রায় ২০০টি বিড়ি কারখানা আছে। কিন্তু বিদেশী সিগারেট কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি শিল্পে মাত্রাতিরিক্ত করারোপ করা হচ্ছে। এতে একের পর এক বিড়ি  কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে চাষীরা উৎপাদিত তামাক বিক্রি করতে না পেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই দেশীয় তামাক চাষী ও শিল্পের সুরক্ষা প্রদান করার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে তামাক চাষী ও বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ির শুল্ক ২ টাকা কমাতে হবে।’