টাঙ্গাইলের মধুপুরে একটি বাসে যাত্রীবেশে ডাকাতি ও ধর্ষণের ঘটনার মূলহোতা রাজা মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার গ্রেফতারের বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং টাঙ্গাইল থেকে ঢাকা সড়কে ঝটিকা বাসের চালক ছিলেন।
পুলিশ সুপার কায়সার জানান, মধুপুরে বাসে ডাকাতি ও দলবেঁধে ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। রাতে নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিনগত রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে এ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।










