ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আমরা যেকোনো জায়গায় যুদ্ধের বিরুদ্ধে। আমরা যুদ্ধ চাই না। এ যুদ্ধ অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। ইউক্রেনের সঙ্গে আমাদের সরাসরি বাণিজ্য আমার জানামতে এত বেশি নয় যে আমাদের দেশের অর্থনীতিতে ধস নামবে। বরং কোনো কোনো ক্ষেত্রে ইউরোপে আমাদের যে বাজার আছে সেখানে আমাদের কাপড়, মাছ-মাংস, খাবারদাবার যাবেই। এগুলো আটকানোর কথা না। এ যুদ্ধের তাত্ক্ষণিক কোনো প্রভাব দেখছি না।

গতকাল দুপুরে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে উচ্চরক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণসংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক সিভিল সার্জন ডা. মনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম প্রমুখ।