সিরাজগঞ্জের তাড়াশে ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত শিক্ষার্থী পারমিতা সরকার তুষি ও তার মা-বাবার খুনিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে তুষির সহপাঠীরা। গতকাল সকালে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এর আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আলী হাসানসহ অর্ধসহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। তুষির স্মৃতিচারণ করতে গিয়ে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা সূত্রধর, কাকন ঘোষ, জয়িতা ঘোষ, মাহিসহ তার সহপাঠীরা। 

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনেক সাধারণ মানুষও মানববন্ধনে যোগ দেয়। তারা ঘাতক রাজিব কুমার ভৌমিকের (৩৫) মৃত্যুদণ্ডের দাবিতে আওয়াজ তোলেন। 

গত রোববার রাতে খুন হন বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের একমাত্র সন্তান পারমিতা সরকার তুষি (১৫)। এ ঘটনায় রাজিব কুমার ভৌমিক নামে তাদের এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। তিনি নিহত বিকাশ সরকারের আপন ভাগ্নে। পুলিশ জানিয়েছে, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান রাজিব কুমার ভৌমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত মামার কাছ থেকে ৩৫ লাখ টাকার ঋণ নেয়ার কথা স্বীকার করেছেন তিনি।