জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের মূল লক্ষ্য দেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। গতকাল দুপুরে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনা উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি তেলের কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। কীভাবে দ্রব্যমূল্য কমিয়ে আনা যায়, সেদিক নিয়েই এখন কাজ করছে সরকার। উন্নত দেশগুলোয় অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে। মানুষের জীবন-মান ধরে রেখে যেকোনো সমস্যা মোকাবেলায় সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়। এরই মধ্যে সরকার করোনা মহামারী সফলভাবে মোকাবেলা করেছে। বর্তমান পরিস্থিতিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতাকে জয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম ও ইমপ্যাক্ট বাংলাদেশের সিইও ডা. হাসিব মাহমুদ।










