নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দিলীপ খাঁ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ খাঁ নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত খোরশেদ খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকালে নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলিম উদ্দিনের ছেলে হাসানের সঙ্গে মনসুর মিয়ার ছেলে মুসতাকিমের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় গ্রামের মাতুব্বররা সোমবার সকালে বৈঠক করে বিষয়টি মীমাংসা করেন।
উভয় পক্ষ মেনে নিলেও সালিশ থেকে ফেরার পথে আবার দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আঘাতে কৃষক দিলীপ খান নিহত হন। এ ঘটনায় জড়িত থাকায় তাৎক্ষণিক পুলিশ তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।










