গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নির্বাচনী ইশতাহার বাস্তবায়নে রাজবাড়ীর কালুখালী পদ্মা নদীতে তিনদিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলা শেষ হয়েছে। তৃতীয় দিনের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পাবনা জেলার নিউ শাপলা এক্সপ্রেস, দ্বিতীয় হয়েছে চর গোবিন্দপুরের রায় শিমুল ও তৃতীয় স্থান অধিকার করেছে খয়রান এক্সপ্রেস। এর আগে প্রথম দিনের নৌকাবাইচে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ১০টি নৌকা। আর মেলায় ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী। প্রথম ও দ্বিতীয় দিনের বিজয়ীদের মধ্য থেকে সেমিফাইনালে চারটি ও সেখান থেকে ফাইনালে দুটি নৌকা অংশগ্রহণ করে। পরে প্রথম স্থান অধিকারী ও দ্বিতীয় স্থান অধিকারীকে একটি করে মোটরসাইকেল ও তৃতীয় স্থান অধিকারী নৌকার মাঝিদের একটি ফ্রিজ উপহার দেয়া হয়।