রাজবাড়ীর আলাদিপুর এলাকায় ট্রাকচাপায় বাইসাইকেল চালক বারো বছরের শিশু তাফসিরুল ইসলামের মৃত্যু হয়েছে।

মৃত শিশু তাফসিরুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার ফরিয়া গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম হোসেনের ছেলে। শিশুর পরিবারটি বেদে সম্প্রদায়ের হওয়ায় তারা রাজবাড়ীর আলাদিপুর এলাকায় অস্থায়ী বসতি গড়ে বসবাস করে আসছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শিশু তাফসিরুল ইসলাম আলাদিপুর বাজার থেকে বাইসাকেল নিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। এ সময় রাজবাড়ী পাসপোর্ট অফিসের সামনে এলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিম শেখ বলেন, আলাদিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকের চালককে গ্রেফতারে অভিযান চলমান আছে।