পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধবিগ্রহ চাই না, যুদ্ধে মানুষের অনেক কষ্ট হয়। আমরা সীমান্ত ও দেশের ভেতরে শান্তি চাই। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। এ ডিস্টার্ব নতুন নয়, বহুদিন ধরে তারা করছে। এটা দুনিয়ার মানুষ জানে। আমাদের প্রয়োজন সহ্য ক্ষমতা, আর সেটা আমাদের সরকারপ্রধান দেখাচ্ছেন।

গতকাল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত খোঁচাখুঁচি করে, তাহলে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে, তার পেছনে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, সরকার নির্বাচন করবে না। নির্বাচনের সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন সবাই নির্বাচন কমিশনের কথা শোনে।