মেহেরপুরের গাংনীতে খামারে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৮ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামারি।

রোববার ঈদুল আজহার দিন ভোরে উপজেলার ধানখোলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইয়ামিন আলীর মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এতে ওইদিন সকাল থেকে পাঙাশ, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মরা মাছ পানিতে ভাসতে দেখা যায়। মৎস্য খামারি ইয়ামিন আলী বলেন, দীর্ঘদিন গ্রামের একজন মাছ চাষ করে আসছিল এ পুকুরে। কোনো দিন এমন ঘটনা ঘটেনি। আমি কয়েক মাস আগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করি। বেশির ভাগ মাছই বর্তমানে বিক্রয়যোগ্য হয়ে উঠেছে। ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাকে।

গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান বলেন,  দুঃখজনক ঘটনার সংবাদ পেয়ে আমি সেখানে গিয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত খামারিকে সব ধরনের সহযোগিতা করব।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।