সড়ক দুর্ঘটনায় আট জেলায় ১০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ফরিদপুরে দুজন, টাঙ্গাইলে দুজন এবং ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা ও সুনামগঞ্জে একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এবং আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ফরিদপুর: বোয়ালমারীতে পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মো. ইমরান শেখ (৩০) এবং জিয়া শেখের ছেলে নাঈম শেখ (২৭) নামে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ী। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনমালিপুর-বিন্নাহুরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান শেখ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে এবং নাঈম শেখ একই এলাকার জিয়া শেখের ছেলে। তারা দুজনই টাইলস মিস্ত্রি ছিলেন। কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে হাটখোলারচর থেকে পাশের ভাঙ্গা উপজেলায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
টাঙ্গাইল: গোপালপুরে দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও শিশু নিহত হয়েছেন। নিহতরা হলেন মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) ও গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তরপাড়ার ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তরপাড়ায় ট্রাকচাপায় সিয়াম ও দুপুরে ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে সরস্বতী দেবনাথ মারা যান।
গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর মুদিখানা এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান শেষে মধুপুর যাওয়ার পথে অটোরিকশা থেকে সরস্বতী দেবনাথ পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এর আগে সকালে উপজেলার মির্জাপুর উত্তরপাড়ায় শিশু সিয়াম অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে ট্রাকের ধাক্কায় সাইম সরকার (১১) নামে মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সালাউদ্দদিন সরকার গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে পৌরসভার নারায়ণপুর ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালক শাহ আলমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।
গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার শিমুলতলায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে নিশাতলা-বলনারায়ণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ফকির ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, নসিমনকে ধাক্কা দেয়া ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী পলাতক।
বরগুনা: কুয়াকাটায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে তানভির মৃধা (২১) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু তাজরিব। গতকাল দুপুরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তানভির পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার দাওয়া রাজ পয়সা গ্রামের মাসুম মৃধার ছেলে। তিনি ভাণ্ডারিয়া আমান উল্লাহ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আমতলী থানা পুলিশ জানায়, তানভিরসহ তার আট বন্ধু গত শনিবার সকালে মোটরসাইকেলে কুয়াকাটায় বেড়াতে আসেন। গতকাল বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তানভির।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে বাসের ধাক্কায় রেজিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগরে এ দুর্ঘটনা ঘটে। রেজিনা বেগম শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর-গুটিপাড়ার গ্রামের মো. আব্দুল হকের স্ত্রী।
গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়েরভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আসফিয়া খাতুন উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছার রহমানের মেয়ে।
সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গত সোমবার রাতে শান্তিগঞ্জের নারাইনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহুল হবিগঞ্জের নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।










