চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহসেন আউলিয়া সেতুটি ছয় বছরেরও বেশি সময় ধরে সড়ক থেকে বিচ্ছিন্ন। সেতুটিতে উঠতে গেলে ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ২০০৮ সালে উপজেলার বরুমচড়া ইউনিয়নে সেতুটি নির্মাণ করা হয়। ২০১৫ সালে ঘূর্ণিঝড়ের আঘাতে সেতুটি ভেঙে সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেতুটি সংস্কারের বিষয়ে বিভন্ন মহলে একাধিকবার আবেদন করলেও অদ্যাবধি কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করে এলাকাবাসী।

কামরুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত হয় সেতুটি। এছাড়া বৃষ্টি ও শঙ্খের জোয়ারের পানি ওঠানামা করায় সেতুটির উভয় পাশ থেকে মাটি সরে গেছে। তাই সেতুটির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে যান চলাচল বন্ধ। লোকজন চলাচল করার জন্য সেতুটির দুই পাশে বাঁশের সাঁকো নির্মাণ করেছে। সেতুটির এ বেহালের কারণে দুর্ভোগে পড়েছে বরুমচড়া ও জুঁইদণ্ডী ইউনিয়নের হাজার হাজার মানুষ।

বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে। আশা করি শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।