বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা বিএনপির বিজয়। শুধু নির্বাচনের ঘোষণা নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি।
আজ শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম কাউনাইনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে সরকার তাদের কাজ করছে, এখন আমাদের কাজ আমাদের করতে হবে। দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের একটি সুস্পষ্ট বার্তা। সেই ইতিহাস আজ গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াইয়ে আমাদের নতুন প্রেরণা জোগায়। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির সাংগঠনিক এই অবস্থান তৈরি হয়েছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সে লক্ষ্যে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে।
সমাবেশে ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা বোরহান উদ্দিন, আনিসুর রহমান, নাসির উদ্দিন, মাগরিবুর রহমানসহ পৌর বিএনপি ও উপজেলার ১৫টি ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতারা।










