কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক রোকসানা খানম (৫২) দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। গতকাল সকালে শহরের হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোকসানা কুষ্টিয়া জিলা স্কুলের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তার স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরের চৌগাছায় এলজিইডির হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় তলার  এ বাড়িটিতে শিক্ষক রোকসানা দ্বিতীয় তলায় একাই থাকতেন। তার কোনো সন্তান নেই। ওই বাসার চতুর্থ তলায় বাস করেন তার মৃত ভাই একেএম নূরে আসলামের পরিবার।

নিহতের ভাতিজা নওরোজ কবির নিশাত জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফুফু রোকসানা খানমকে তারা ডাকতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পুলিশ তাদের দরজা ভেঙে ফেলার জন্য বলে।

কয়েকজন মিলে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান দোতলার দক্ষিণ পাশের কক্ষের বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় রোখসানার মরদেহ পড়ে রয়েছে। মাথায় জখমের চিহ্ন। ওই ঘরের আসবাব, কাপড়-চোপড়, ড্রয়ার সবকিছু ছড়ানো-ছিটানো অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয়া হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, কে বা কারা রাতের অন্ধকারে এসে শিক্ষিকাকে হত্যা করে পালিয়ে গিয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করেছে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানানো হবে।