দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এতে আগামী ২৪-৭২ ঘণ্টায় কয়েকটি জেলায় নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। তবে দেশের সব প্রধান নদ-নদী এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে আজ এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়েও ভারি বৃষ্টি হয়েছে। এছাড়া আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ভারতের উড়িষ্যা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
প্রধান নদ-নদীর পরিস্থিতি
ব্রহ্মপুত্র নদে গত ২৪ ঘণ্টায় পানির স্তর স্থিতিশীল থাকলেও যমুনার পানি বেড়েছে। আগামী দুইদিন পানি কমে পরবর্তী তিনদিন আবার বাড়তে পারে। তবে এসময় নদীটি বিপৎসীমার নিচে থাকবে।
গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিনদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে, এরপর দুইদিন পানি বাড়লেও তা বিপদসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির স্তর কমেছে। আগামী একদিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুইদিন পানি বাড়তে পারে।
চট্টগ্রাম বিভাগে বেশি সতর্কতা
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাংগু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। আগামী তিনদিনে এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আগামী ২৪-৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কয়েকটি স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
সিলেট ও ময়মনসিংহেও প্লাবনের আশঙ্কা
গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও কংস নদীর পানি কমেছে। অন্যদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা ও ফুলাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী একদিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুইদিন এসব নদীর পানি বাড়তে পারে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।
রংপুর বিভাগের পরিস্থিতি
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী একদিন এ ধারা অব্যাহত থাকতে পারে। এরপর পরবর্তী দুইদিনে এসব নদীর পানি আবার বাড়তে পারে।










