বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগ আন্তর্জাতিক এয়ারট্রাফিক কন্ট্রোলারস ডে উদযাপন করেছে। রোববার (২০ অক্টোবর) বেবিচকের সদর দপ্তর অডিটোরিয়ামে একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় সভাপতিত্ব করেন সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ বিমান চলাচলের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাত দেশের রাজস্ব আয়ের প্রধান উৎস। যেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মুখ্য ভূমিকা পালন করেন। তিনি আরো উল্লেখ করেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকার এ খাতের উন্নয়নে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে নভোএয়ার, ইউএসবাংলা, এয়ার এস্ট্রা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।









