নারায়ণগঞ্জের বন্দরে একসঙ্গে সদ্য জন্ম নেয়া তিন ভাইবোন ‘স্বপ্ন-পদ্মা-সেতুকে’ শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শুভেচ্ছা বার্তা নিয়ে এই তিন নবজাতকের ঘরে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক। শুভেচ্ছা বার্তার সঙ্গে নিয়ে এলেন এক ভরি করে তিনটি পৃথক সোনার চেইনসহ ফুল ও ফল।

আজ সোমবার বিকেলে বন্দরের নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে আসেন শামীম মুসফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী এ্যানি বেগম ওই সময়ে তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। ছেলের নাম রেখেছেন স্বপ্ন আর মেয়ে দুইজনের নাম রেখেছেন পদ্মা ও সেতু। যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছেন।

গতকাল বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রীর একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। এই জন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে। 

এ বিষয়ে চিকিৎসক ডা. বেনজির হক পান্না বলেন, এ্যানি নামে ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সম্পূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের কোন সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেসেন্টের তাগিদে সিজার করতে হয়েছে। একসঙ্গে তিনি সন্তান পেয়ে তারা সকলেই খুশি। পদ্মা সেতুর উদ্বোধনের মাসে একসাথে তিন নবজাতকের জন্ম। এটাকে স্মরণীয় রাখার জন্যই স্বপ্নের পদ্মা সেতুর নামকরণ হিসেবে নবজাতকদের নাম রাখা হয়েছে। এর আগে গত ১৮ জুন নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে জন্ম নেয় এক ছেলে ও দুই মেয়ে।