শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।  আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা আছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছেন না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছেন না তাদের জন্য পরবর্তী সময়ে কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।’ গতকাল দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার ব্যবস্থা নিয়েছি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে। কারণ শিক্ষার্থীরা বাড়িঘরে থাকে। বাসাবাড়ির আঙিনায় নানা রকমের পাত্র ফেলে রাখা হয়। এতে পানি জমে থাকে। জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করতে হবে। যদি একটু সচেতন হয়ে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করে ফেলে দেয়ার ব্যবস্থা করি, তাহলে শিক্ষার্থীসহ সবাই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাব।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান  প্রমুখ উপস্থিত ছিলেন।