জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, ‘দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নয়। যারা দেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ এটি। আমরা একসঙ্গে মিলেমিশে থাকি।’
গতকাল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ পটেশ্বরী কালী মন্দিরের দখল হওয়া জমি পরিদর্শনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। আমি শুনেছি বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এজন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ যারা এ কর্মকাণ্ড করেছে তারা সুযোগসন্ধানী। এ কাজগুলো আওয়ামী লীগের সময়ও করেছে। এখনো কেউ কেউ করছে, সামনেও করবে।’
এনসিপির এই নেতা বলেন, ‘এনসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। প্রয়োজন হলে আমি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমরা ভুলটা স্বীকার করে নিয়ে আবার সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাব।’
এ সময় পঞ্চগড় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা সভাপতি কমলেশ চন্দ্র, পটেশ্বরী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ বর্মণ, আটোয়ারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার প্রমুখ।










