বুলেটের চেয়ে ইন্টারনেটের শক্তি বেশি, তা ছাত্রজনতা দেখিয়ে দিয়েছে, যে কারণে সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন।


এ সময় বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছে তা আবারো পুরুদ্ধার করা হবে। আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে। কারো ব্যক্তি ইচ্ছায় পরিচালিত হবে না।  

 

তিনি দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে বলেন, দেশের মানুষ অর্থ সম্পদ চায় না, তারা মুখে কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায়, ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সে অধিকার কেড়ে নিয়েছিল। যার কারণে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে। তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।

 

কবর জিয়ারত ও ফুল দেয়া শেষে নিহত তাহমিদ ভূঁইয়ার পরিবারকে সমবেদনা জানানোসহ আর্থিক সহযোগিতা করেন মঈন খান। এরপর তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ারত করে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

 

এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, পলাশ উপজেলা যুবদল সভাপতি নিছার আহমেদ খান, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।