দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ কষ্টিপাথর দুটির আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার বিকাল ৪টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস বিফ্রিং করে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য রাসেলের বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরেকটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম।

সীমান্তে বিজিবি সব সময় সর্তক অবস্থানে আছে বলেও জানান তিনি।