চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার আমির মো. ফরিদুল আলমসহ জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা নিয়ে টেরিবাজারের একটি হোটেলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার রাতে ৪৯ জন নেতাকর্মীকে আটক করি। পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জাহিদুল কবির। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেফতাররদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা, সিনিয়র সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।















