নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার দুপুর ২টার দিকে নরসিংদী শহরের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটে। আটক হওয়া ওই নারীর নাম ফাতেমা বেগম। তার বাড়ি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকায়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নবজাতক উদ্ধারের অভিযান শুরু হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ী গ্রামে ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এক দিন বয়সী নবজাতকসহ তাকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জানা গেছে, উদ্ধার হওয়া নবজাতক শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার বিকালে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। পরে রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতক নিখোঁজ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।