দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের অফিস সহকারী তাজুল ইসলামের হামলায় পাঁচ শিক্ষক আহত হয়েছেন।
গতকাল সকাল ৯টার দিকে সংশ্লিষ্ট অনুষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আহত শিক্ষকরা হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন, সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, প্রভাষক নির্মল চন্দ্র রায়, প্রভাষক হারুন উর রশিদ এবং একই বিভাগের শিক্ষক হিসেবে গতকালই প্রথম যোগদানকারী প্রভাষক মো. মাহবুব হোসেন। আহতদের মধ্যে সহযোগী অধ্যাপক বেলাল হোসেনকে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজন শিক্ষক বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীরা জানান, গতকাল বেলা ২টায় সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি ছিল। সকাল সাড়ে আটটায় শিক্ষকরা অনুষদে আসেন। অফিস সহকারী তাজুল ইসলামকে শিক্ষকদের জন্য সকালের নাশতা আনতে বলা হয়। তাজুল নাশতা নিয়ে আসেন। কিন্তু নাশতা পছন্দ না হওয়ায় শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাজুল অফিসে নাশতার টেবিলে থাকা একটি সিরামিকের মগ তুলে প্রথমে সহযোগী অধ্যাপক বেলাল হোসেনের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করেন। বেলাল হোসেনের মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলে উপস্থিত শিক্ষকরা তাকে রক্ষা করতে এলে তাজুল ইসলাম একে একে চারজন শিক্ষককে আঘাত করে আহত করেন।










