বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

দলটিতে মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপির যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জিতিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তিনি (আসিফ মাহমুদ) কাজ করবেন। সেজন্য তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।