কুষ্টিয়ায় নিজ বাড়িতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের স্ত্রীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে শহরের কমলাপুর এলাকার ওই শিক্ষকের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ওই নারীর পিতার পরিবারের দাবি, তার ওপর অত্যাচার করা হতো। 

নিহত গৃহবধূ নূরজাহান পারভীন (৪২) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের স্ত্রী। এ দম্পতির ১৩ বছরের এক মেয়ে ও চার বছরের এক ছেলে রয়েছে। নজরুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে ১৫ বছর আগে নূরজাহানের বিয়ে হয়েছিল। 

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম ওই দম্পতির মেয়ের উদ্ধৃতি দিয়ে জানান, রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় নজরুল তার স্ত্রীকে ব্যাট দিয়ে হাতে ও পিঠে আঘাত করেন। সোমবারও সারা দিনে কয়েক দফা তাদের মধ্যে ঝগড়া হয়। রাতে নূরজাহান একাই একটি রুমে দরজা লাগিয়ে ঘুমাতে যান। গতকাল সকালে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানে নূরজাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।