অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের অন্য কোনো পদে থেকে কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকারের উপদেষ্টা বা অন্য কোনো পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নিজেরা যেমন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, তেমনি কোনো প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। আসনবিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রজ্ঞাপন, বিভিন্ন বিষয়ে প্রায় ২০টি পরিপত্র জারি হবে। সেখানে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল গঠন, আইন-শৃঙ্খলা সেল গঠন—এগুলোর ফরম্যাট প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পরপরই সেগুলো ধারাবাহিকভাবে আমরা জারি করব।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারের কোনো পদে থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থীও হওয়া যাবে না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না।










