রাজবাড়ীতে রুপল শেখ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মে) রাতে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

নিহত রুপল শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো একই গ্রামের বাসিন্দা মো. জহিরুদ্দিন বিশ্বাস, মো. মৈজদ্দিন বিশ্বাস, মো. ফরহাদ বিশ্বাস ও মো. মুন্নু মোল্লা।

নিহতের স্বজনরা জানান, রাজাপুর গ্রামের প্রবাসী রাকিবুলের স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে গত মঙ্গলবার রাকিবুলের ভাই রাফিজুল ও তার পরিবারের লোকজন রুপলকে মারধর করেন। বুধবার সকালে রুপল ঢাকা চলে যান। স্থানীয় মাতবররা শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরিবারের সদস্যরা তাকে ফোন করে বাড়ি আনেন।

শুক্রবার সন্ধ্যার দিকে রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন এসে রুপলকে ঘরের ভেতর থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে মরদেহ সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।