সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়াগাগার থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খবর বিবিসি বাংলা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে।

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছু বিষয় তো আছেই। আমরা তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।

এদিকে রাত ৯টার দিকে আনিস আলমগীর একাধিক গণমাধ্যমে নিজের ব্যবহৃত মোবাইল ফোন রিসিভ করে জানিয়েছেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবিতে আনা হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তাদের প্রধান কথা বলবেন।

তিনি আরো বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয় এবং রাত ৮টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে তিনি সেখানেই (ডিবিতে) অপেক্ষা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা আনিস আলমগীর দৈনিক দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৭ সালে তিনি মানবকণ্ঠের সম্পাদক হিসেবে যোগ দেন। এরপর আগে এশিয়ান টিভিতে হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পদে কর্মরত ছিলেন।