আওয়ামী লীগ কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়৷ এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে৷ দেশে এখন আওয়ামী লীগ নাই সব পুলিশ লীগ। 

শুক্রবার (১২ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পুলিশি হেফাজতে মারা যাওয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষ এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, শুধু আকরামের ঘটনা নয়। আমাদের আন্দোলন চলাকালে ৩০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেয়া হয়েছে। ৭০০ থেকে ৮০০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে৷ গত কয়েকদিনের মধ্যে তারা ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে৷ সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে তারা।

মির্জা ফখরুল আরো বলেন, এবারে আপনাদের ঈদ আনন্দের হয়নি। এই দানবীয় সরকার আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে। আমাদের ছেলেমেয়েরা ভোটের অধিকার, ভাতের অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছে৷ অথচ এই দানবীয় সরকার  জবর দখল করে আছে৷

তিনি বলেন, আমরা নির্বাচন চাই৷ সবাই যেন অবাধে, বিনা ভয়ে ভোট দিতে পারে এমন একটা নির্বাচন চাই। গোটা দেশকে তারা ভয়ের রাজত্বে পরিণত করেছে। তারা কাউকে সম্মান করে না। দেশের আলেম-ওলামা, অধ্যাপকসহ বিখ্যাত কাউকেই তারা সম্মান করে না। পৃথিবী যাকে চেনে, এমন নোবেল বিজয়ীকেও তারা শাস্তি দিয়েছে।