ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে ওই হামলার ঘটনাটি ঘটে। আহতদের ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. উজ্জ্বল মিয়া ও বুলবুল মন্ডলের মাঝে দীর্ঘদিন থেকেই জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। গতকাল সকালে মো. উজ্জ্বল মিয়ার পোলট্রি ফার্মে বুলবুল মন্ডল গাছের চারা রোপণ করতে গেলে উজ্জ্বল মিয়া বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বুলবুল মন্ডল ও তার লোকজন উজ্জ্বল মিয়ার ওপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। খবর পেয়ে উজ্জ্বল মিয়ার ছেলে মো. বিজয় মিয়া ও পুত্রবধূ শান্তা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষরা পিটিয়ে তাদেরও আহত করে। পরে এলাকাবাসী চিত্কার শুনে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ থানায় দিয়েছে। আমি ঘটনাস্থলে তাত্ক্ষণিক পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।










