বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিকে চাঙ্গা করতে আম পরিবহনে বিশেষ বিমানের ব্যবস্থাসহ অনেক উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের সব এলাকা সমান চোখে দেখে এর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।
তিনি গতকাল দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাটে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ট্যুরিজম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় আম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, কমিউনিটি ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নের পাশাপাশি সব অঞ্চলে সমানভাবে উন্নয়ন করে চলেছেন। পর্যটন ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং বেশকিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া সোনামসজিদ পর্যটন মোটেলে পর্যটকদের আকর্ষণ বাড়তে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত প্রমুখ। পরে তিনি আম উৎসবে অংশ নেয়া আমচাষীদের আম প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এর আগে একটি শোভাযাত্রা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।










