প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘মামলাজট দেশের সামগ্রিক উন্নয়নের অন্তরায়। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে আমরা এগিয়ে যাব। যে যতটুকু অপরাধ করবে তার ততটুকু শাস্তি পেতে হবে। এটা নিশ্চিত করা না গেলে আইনের শাসন, গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠিত করা যাবে না। বিচার ব্যবস্থা ফেল করলে গণতন্ত্র আর রাষ্ট্র ফেল করবে।’ গতকাল বিকালে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৭৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি। জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা এতে সভাপতিত্ব করেন।










