একুশে বইমেলায় চার ব্যক্তির কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। পরে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের ওই দুই নেতাকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে গ্রেফতার করা হয়।
ওই দুই নেতা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমেনুল ইসলাম ওরফে ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন ওরফে নবীন। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ঢাবির এই দুই শিক্ষার্থী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় চাঁদপুর থেকে আগত একদল দর্শনার্থীকে আটক করে। মাদক ব্যবসা করে এমন অভিযোগ তুলে ওই দর্শনার্থীদের শরীর তল্লাশি করতে থাকে। তল্লাশির পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে ভুক্তভোগীদের কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীরা চাঁদপুরে ফেরার টাকা নেই বললে ছিনতাইকারীরা ৬০০ টাকা ফেরত দিয়ে মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত আশেপাশের লোকজন তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশ উপ পরিদর্শক মাসুদ হাসান জানান, বৃহস্পতিবার রাতে মোহাইমেনুল ও রাজীবকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছিনতাইয়ের সময় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।










