ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ মার্চ) ভোরে তাকে আটক করা হয়। ওই সোমালিয়ান নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী।

বিজিবি জানায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৫৯/৩ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলদেশ প্রবেশ করার অপরাধে দ্য ফরেন অ্যাক্ট ১৯৪৬ এর ৩(২)(বি)/১৩/১৪ ধারার জব্দ করা মালামালসহ ফেনীর পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।