নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ল্যান্ডিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে একটি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ এবং ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. রুবেল ভূঁইয়া (৩৬) নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত রুবেল ভূঁইয়া একজন অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী। তিনি অবৈধ অস্ত্র প্রদর্শন করে মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না।
র্যাব জানায়, গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তিনি অবৈধ অস্ত্র সাথে রাখতেন। জিজ্ঞাসাবাদে এসব তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত রুবেল ভূইঁয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।










