বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার
প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ
১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৮ জুলাই) সিআইডি
সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও একজন
অফিস সহকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক
ড্রাইভার সৈয়দ আবেদ আলীও। তিনি গত ১২ বছর ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে দাবি তদন্ত
সংশ্লিষ্টদের।
সিআইডি জানায়, রোববার (৭ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। ঢাকাসহ দেশের বিভিন্ন
স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান
অব্যাহত রয়েছে বলে সিআইডি জানিয়েছে।










