পঞ্চগড়ে দুই বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায়
পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। বিএসএফ বলছে নিহত দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী ছিলেন। তারা বিএসএফকে আক্রমণ করেছিলেন,
সে কারণে বিএসএফ সদস্যরা জীবন রক্ষার্থে গুলি ছুড়তে বাধ্য হন। নিহত দুজনের লাশ ময়নাতদন্ত
ও আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশকে হস্তান্তর করা হবে বলে বিজিবিকে জানানো হয়েছে।
বুধবার (৮ মে) খয়খাট পাড়া সীমান্তে বেলা ১ টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত
অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড়ের ১৮ বিজিবির
অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৭৬ বিএন
ব্যাটালিয়ন কমান্ডার এস এস শিরোহী, বিজিবির পক্ষে ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ
হাসান।
এর আগে বুধবার ভোর রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি বিওপির
আওতাধীন ৪৪৬/১৪ পিলার সংলগ্ন খয়খাটাপাড়ায় ভারতের দরগাসিং এলাকায় ১৭৬ ফকিরপাড়া বিএসএফ
ক্যাম্পের টহল দলের গুলিতে দুই বাংলাদেশী নিহত হন। নিহতরা হলেন ইয়াসিন আলী (২৩), আব্দুল
জলিন (২৪)। তাদের বাড়ি তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের ব্রমত্তোর এবং মাগুড়া গ্রামে।
কেতাব আলীর ছেলে ইয়াসিন এবং মজনু মিঞার ছেলে আব্দুল জলিল। বর্তমানে নিহত দুই বাংলাদেশী
যুবকের লাশ ভারতের ফাঁসিদহ থানায় রাখা হয়েছে।










