সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টায় শুরু হওয়া এ ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ টিয়ারশেল, সাউন্ডগ্রেনেডসহ গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা বিভিন্ন পাড়ামহল্লা থেকে ইটপাটকেল নিক্ষেপ করছে। থেমে থেমে সংঘর্ষ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।


রোববার সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা জড়ো হতে থাকে নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে। ধীরে ধীরে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে। পুলিশও শক্তি বৃদ্ধি করে। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে এবং পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। পুলিশের উদ্দেশে আন্দোলনকারীরা উদ্যত্ত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

 

এদিকে নগরীর অভ্যন্তরে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা এবং মাঝে মাঝে প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে, তবে তা তুলনামূলক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।  তবে দূরপাল্লার বাস সিলেট ছেড়ে যায়নি। নগরীর বিপনীবিতানগুলো বন্ধ রয়েছে।