সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকীর বিপরীতে ভারতীয় অংশে বাঘের আক্রমণে মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের
ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।
সুন্দরবন পশ্চিম-জোনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম কে এম ইকবাল
হোসেন চৌধুরী বণিক বার্তাকে বলেন, মৌয়াল মনিরুজ্জামান বৈধ পাস নিয়ে চলতি মাসের ২ তারিখে
মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকার বিপরীতে সুন্দরবনের ভারতীয়
অংশে মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে
থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটি-সোঁটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ
থেকে ছিনিয়ে নিলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে তার মৃত্যু ঘটে।
রেঞ্জ কর্মকর্তা বলেন, বৈধ পাস নিয়ে গেলেও সুন্দরবনে ভারতীয় অংশে
বাঘের আক্রমণে নিহত হওয়ায় সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপুরণ পাবে না মনিরুজ্জামান।
নিহতের মরদেহ ফিরিয়ে আনতে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।










