জয়পুরহাট চিনিকলকে অধিকতর গতিশীল ও লাভজনক করা, স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে গতকাল পৃথক চাষী সভা ও মতবিনিময় করেন শিল্প মন্ত্রণালয়ের (বিএসটিআই) উপসচিব কাজী ফারুক আহমদ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বি হাসানের সভাপতিত্বে মিলের অতিথি ভবনে মতবিনিময় সভায় বক্তব্য দেন আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন, সাবেক সভাপতি কেএম লায়েক আলী, সদর উপজেলার বিশিষ্ট আখচাষী আবু রায়হান, আতাউর রহমান, প্রভাষ চন্দ্র মহন্ত, হান্নান চৌধুরী, পাঁচবিবি উপজেলার মাশরেকুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুমা আক্তার জাহান, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (অর্থ) সেলিম মিয়া, মহাব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, উপমহাব্যবস্থাপক তানজিমূল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকার ও মিল কর্তৃপক্ষ সুগার মিল রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে প্রতিটি মিলে একজন করে শিল্প মন্ত্রণালয় থেকে উপসচিবকে দায়িত্ব দিয়েছে। আমাদের জয়পুরহাট সুগার মিলের উন্নয়নের সার্বিক বিষয়ে নিয়মিত তদারকির জন্য উপসচিব কাজী ফারুক আহমদ দায়িত্বপ্রাপ্ত।
তিনি এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও যাচাই-বাছাই করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে মন্ত্রণালয়ে জমা দেবেন এবং সে আলোকে পরবর্তী পদক্ষেপ গৃহীত হবে।










