নাব্যতা সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে আরিচা ও কাজিরহাট ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, গত কয়েক দিন ধরে নৌরুটে ডুবোচরের কারণে ফেরি আটকে যাচ্ছিল। ফেরিগুলো হালকা লোড নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করলেও নদীর পানি কমে যাওয়ায় রুটটি আরো সংকীর্ণ হয়ে পড়েছে, যা ফেরি চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এ অবস্থায় শুক্রবার (১ নভেম্বর) রাতে ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ পরিস্থিতি স্বাভাবিক করতে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে। নাব্যতা সংকট নিরসন হলে ফেরি চলাচল আবারও শুরু হবে বলে জানান ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।